গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ বন্দি পালিয়ে গেছে। এসময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করে। সেসময় কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তাদের বাধা দিলে কারারক্ষীদের ওপর চড়াও হয় বন্দিরা। কারাগারের দেয়াল ভেঙে ও টপকে, দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে পালিয়ে যায় তারা। কারারক্ষীদের মারধরও করে।